ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: গত ১০ মাসে রাজধানী ঢাকায় মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তার হিসাবে প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি জানান, শুধু গত অক্টোবর মাসেই রাজধানীতে ১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ঘটনায় পুলিশ দ্রুততম সময়ে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারসহ নানা কারণে এসব হত্যাকাণ্ড ঘটছে।

পল্লবীতে যুবদল নেতা হত্যার প্রসঙ্গ টেনে তিনি জানান, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ইতোমধ্যে জনি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তে নিহতের শরীরে ১৮টি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি।

তালেবুর রহমান বলেন, “দোষীদের গ্রেফতারে আমরা সচেষ্ট আছি। রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পর্যাপ্ত জনবল মোতায়েন আছে।”