ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “স্যার, এখানে যারা আছে, শিবিরের মতো আচরণ করছে… আমাদের বাড়তি ফোর্স দরকার।” শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এই ফোনালাপ রেকর্ড করা হয়।

অভিযোগ রয়েছে, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর বাড়ির সামনে স্থাপনা ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী তাদের আটকে দেয়। পরে কয়েক দফায় উত্তেজনা বাড়তে থাকে। ঠিক সেই সময়ই ডিসি মাসুদের ফোনালাপ রেকর্ড করে কেউ, যা পরে ফেসবুকে ভাইরাল হয়।

‘বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি পেজ ভিডিওটি শেয়ার করে মন্তব্য করে— আন্দোলন দমনে আবারও ‘শিবির’ লেবেল ব্যবহার করা হচ্ছে। পোস্টটি প্রকাশের পর থেকেই অনলাইনে বহু ব্যবহারকারী ডিসি মাসুদের আচরণ নিয়ে সমালোচনা শুরু করেন।

তবে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি যোগাযোগে আসেননি।

আগেও এই কর্মকর্তাকে ঘিরে বিতর্ক হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবি ছড়িয়ে পড়লে সমালোচনা হয়। আবার ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রশংসাও পেয়েছিলেন।

সেই সময় তার বক্তব্য ভাইরাল হয়েছিল— “যদি কেউ তোমাদের দিকে আসে, আগে আমাকে পার হতে হবে।” এছাড়া বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্যও তিনি আলোচনায় এসেছেন।

উল্লেখ্য, মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এবং পরে পুলিশ সুপার পদে পদোন্নতির পর তিনি গত বছরের ৫ আগস্ট ডিএমপির রমনা বিভাগে ডিসি পদে যোগ দেন।

—