গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেড কলোনির প্রায় ১০০টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। বিকেল পাঁচটার দিকে রুমেল পাঠানের বাড়ির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের রুমগুলোতে ছড়িয়ে পড়ে।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে ব্যর্থ হন। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনসেড কলোনির সব রুম পুড়ে গেছে, কোনো জিনিসপত্র বের করা সম্ভব হয়নি। পোশাক শ্রমিক শাহ আলম বলেন, অফিস থেকে ফিরে এসে দেখেন তার ঘরসহ সবকিছু ছাই হয়ে গেছে। ভাড়াটিয়া রহিমা বেগম জানান, কয়েকদিন আগে পাওয়া বেতনের সব টাকা রুমে ছিল, আগুনে মুহূর্তেই শেষ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা বলেন, আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে স্থানীয়রা নেভাতে হিমশিম খেয়েছেন। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠানো হয় এবং পরে আরও ইউনিট যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



মন্তব্য করুন