ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বুধবার (১৯ নভেম্বর) এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর কার্যক্রমসহ দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মূলত সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এই সফরের অংশ হিসেবেই দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সিএসসি জোটের নিরাপত্তা উপদেষ্টাদের মূল সম্মেলন বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ওই দিন বিকেলেই ড. খলিলুর রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।