জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পর তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যে মো. শরীফ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভোলার লালমোহন থানার সাতআনি এলাকার বাসিন্দা। বিষয়টি বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রসিকিউটর তানভীর জোহা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।