ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে এর খেসারত জনগণকেই দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে একসময় মানুষকে নিজেদের ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুরে পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। পুলিশ ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে।
ডিএমপি কমিশনার বলেন, ককটেল হামলায় পুলিশ সদস্য আহত হওয়ায় মনোবল ক্ষতিগ্রস্ত হয়। তিনি দুর্বৃত্তদের উদ্দেশে বলেন, “এমন কর্মকাণ্ড না করার অনুরোধ জানাই। এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন।”
গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় তিনি নির্দেশ দেন, গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের মতো নাশকতায় জড়িত হলে আইন অনুযায়ী গুলি চালানো যাবে। এ বিষয়ে তিনি আরও বলেন, “নাশকতা করলে গুলি করার ক্ষমতা পুলিশ আইনে আছে। ককটেল মেরে নাশকতা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া আছে।”
পুলিশ জানিয়েছে, রাজধানীতে ধারাবাহিক হামলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তারা।



মন্তব্য করুন