বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। এর আগে বুধবার মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, মামলার অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশে কাভার না করায় আদালত আবেদনটি খারিজ করেছেন।
মামলার আবেদনে বলা হয়েছিল, চলতি বছরের ১২ নভেম্বর তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চ্যুয়াল বক্তব্যে বলেন, “বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।” এরপর আসামি শাহিন মাহমুদ ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন: “৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।”
বাদীর অভিযোগ ছিল, এই পোস্ট উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানের গৌরব, সম্মান ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে আদালত মনে করেন, অভিযোগ সাইবার সুরক্ষা আইনের আওতায় পড়ে না।



মন্তব্য করুন