নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিতে আসা ছাত্রদল নেতা সিয়াম ভুইয়া আবির (২৮) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে এবং ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক। তার বাবা জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে পাইকসা এলাকায় একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যান সিয়াম। হাজিরা শেষে আদালত এলাকার বিশ্রামাগারের সামনে দুর্বৃত্তরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে তিনি দৌড়ে আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, জজকোর্টের ৩ নম্বর গেট এলাকায় অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে কোর্ট পুলিশের সহায়তায় আহত সিয়ামকে হাসপাতালে পাঠানো হয়।