আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ছিল প্রায় সত্তরোর্ধ্ব।

তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টায় মরদেহ ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে। এরপর দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির এক কন্যাসন্তান রয়েছে।