ঢাকা, ২১ নভেম্বর:
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫, উৎপত্তিস্থল নরসিংদী। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়।
এতে ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে।
ঢাকায় রেলিং ধসে নিহত ৩
রাজধানীর বংশালের কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে, রেলিং ভেঙে পড়ার পর রক্তাক্ত অবস্থায় পথচারীরা রাস্তায় ছড়িয়ে পড়েন।
নারায়ণগঞ্জে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেওয়াল ধসে পড়ে ফাতেমা নামে এক বছরের শিশু নিহত হয়। তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।
নরসিংদীতে সানশেড ভেঙে নিহত ২
নরসিংদীর সদর উপজেলার গাবতলিতে বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু এবং ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। শিশুটির বাবা দেলোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই সময়ে পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেওয়াল ধসে আরও এক বৃদ্ধ নিহত হন।
ভূমিকম্পের প্রভাবে গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ভবন দুলে ওঠা ও আতঙ্কে মানুষজন বাসা থেকে বেরিয়ে আসার ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব ভারতের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে।



মন্তব্য করুন