ঢাকা, ২২ নভেম্বর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে একটি মহল এখনো সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত আলোচনাসভায় তিনি এ অভিযোগ তুলে ধরেন।

আমীর খসরু বলেন, “একদিকে নির্বাচন নিয়ে কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে ও বাধা সৃষ্টি করছে একটি গোষ্ঠী। বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার মতো জোর-জবরদস্তির পথ আমরা অনুসরণ করি না। আমরা সংঘর্ষ চাই না, চাই সহনশীল রাজনীতি। দ্বিমত থাকলেও অন্যের মতকে সম্মান করতে হবে।”

গণতন্ত্রে বিশ্বাসীরা জনগণের কাছে যায় উল্লেখ করে তিনি বলেন, “কক্ষে বসে সিদ্ধান্ত নিয়ে তা জনগণের ওপর চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক নয়।”

বিএনপি গণতন্ত্র রক্ষায় অনেক কিছু সহ্য করছে দাবি করে আমীর খসরু বলেন, “বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।”

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ঐক্য ধরে রাখতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। ভালো-মন্দ নির্ধারণের দায়িত্ব জনগণের।”

নির্বাচনকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই যুদ্ধে জিততেই হবে, না হলে হারবে গণতন্ত্র। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”