নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কোনো প্রার্থীকে শোকজ ছাড়াই প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, কমিশন কোনো প্রকার ছাড় দেবে না। আচরণবিধি ভঙ্গের ঘটনায় সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে। জরিমানা কিংবা কারাদণ্ডের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

নির্বাচনি পোস্টার প্রসঙ্গে তিনি জানান, এবার নির্বাচনে কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার পরপরই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় কমিশনের একটি মনিটরিং সেল কাজ করবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন হবে সর্বোত্তম ও সুষ্ঠু।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।