বাংলাদেশের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মাধ্যমে অর্জিত জ্ঞান কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার মিরপুর সেনানিবাসে আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করেছে। তিনি নিরাপত্তা নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন।

কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে।

ড. ইউনূস উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে এনডিসি একটি উৎকর্ষের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট হবে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

এ বছর এনডিসি কোর্সে মোট ৯৬ জন অংশ নেন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য ছিলেন। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে এএফডব্লিউসি ২০২৫ সম্পন্ন করেন।