বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতির খোঁজ নেন।

গত ২৩ নভেম্বর থেকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার আগের দিন মঙ্গলবার রাতে তিন বাহিনীর প্রধান—সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান—একই হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রাখেন। ওই রাতেই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে আসেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত ১১৭ দিন লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে ৬ মে দেশে ফেরেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নেওয়ার আবেদন করা হলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।