শীতের আগমনে উত্তরাঞ্চলের জনপদে খেজুরের রসের চিরচেনা আমেজ শুরু হলেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে অনেকের মনেই থাকে শঙ্কা। তবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও নিপাহ ভাইরাসমুক্ত উপায়ে রস সংগ্রহ করে নজির গড়েছেন গাছি ইদ্রিস আলী (৬৭)। তার সংগৃহীত খাঁটি রসের স্বাদ নিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন সীমান্তঘেঁষা গ্রামগুলোতে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকায় গিয়ে দেখা যায় রস বিক্রির কর্মব্যস্ততা। গাছি ইদ্রিস আলী জানান, বাঁদুর বা পাখির লালা থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ রোধে তিনি প্রতিটি গাছে নিট জাল ও বাঁশের তৈরি বিশেষ ‘চট্টি’ ব্যবহার করেন। এই আধুনিক ও নিরাপদ পদ্ধতির কারণে সাধারণ মানুষের মধ্যে তার সংগৃহীত রসের ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

বর্তমানে প্রতি গ্লাস রস ৩০ থেকে ৩৫ টাকা এবং প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে এক হাজার থেকে বারোশ টাকা আয় করছেন ইদ্রিস আলী। ২৪টি খেজুর গাছ লিজ নিয়ে তিনি তার নাতিকে সাথে নিয়ে এই মৌসুমী ব্যবসা পরিচালনা করছেন। রস সংগ্রহের মৌসুম শেষে তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করলেও শীতের এই কয়েক মাস রসের ব্যবসায় তার সংসারে সুদিন ফেরে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, ফুলবাড়ীতে বর্তমানে প্রায় ৯০০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। ইদ্রিস আলীর মতো অন্যান্য গাছিরাও যদি এমন স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ করেন, তবে নিপাহ ভাইরাসের ঝুঁকি ছাড়াই গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা সম্ভব হবে।