ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকটির সিঁড়ি কক্ষে আগুন দেয়।
অগ্নিকাণ্ডে ভবনের নিচতলায় থাকা ৩টি মোটরসাইকেল ও ২টি বঞ্চ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো কাজ শেষে বুধবার রাতেও কর্মকর্তারা ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। রাত ৩টা ৪০ মিনিটের দিকে নিচতলার কলাপসিবল গেটের ভেতর আগুনের লেলিহান শিখা দেখে নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে উপরে থাকা কর্মীরা নিচে নেমে আসেন এবং নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, সিঁড়ি কোঠায় আগুন দেওয়ায় সেখানে থাকা কর্মকর্তাদের বাইকগুলো ভস্মীভূত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন