মরণপণ লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজ ও তার ব্যক্তিগত ভেরিফায়েড প্রোফাইল থেকে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলি সরাসরি তার মাথায় বিঁধেছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার মাথায় বিঁধে থাকা বুলেটের অংশ অপসারণে অস্ত্রোপচারের প্রস্তুতি চললেও শারীরিক অবস্থার অবনতি এবং হার্ট অ্যাটাকের কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জুলাই আন্দোলনের এই সম্মুখ সারথি।
হাদির ওপর হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নাম আসায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।



মন্তব্য করুন