সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেলে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। বিমানবন্দরে এসময় নিহতের স্বজন ও সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। সংগঠনটি হাদির শেষ বিদায়ে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচার চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান এই তরুণ নেতা। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল।
সিঙ্গাপুরে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজধানীসহ সারাদেশে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওসমান হাদির দাফনের স্থান নিয়ে এখনো বিক্ষোভকারীদের দাবি ও পরিবারের মধ্যে আলোচনা চলছে। তবে কালকের জানাজা ঘিরেই এখন সব প্রস্তুতি সম্পন্ন করছে ইনকিলাব মঞ্চ ও ছাত্র-জনতা।



মন্তব্য করুন