দেশে চলমান সহিংসতা ও অরাজক পরিস্থিতিকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। দলটির দাবি, একটি বিশেষ মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনিশ্চিত করতে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এর আগে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। শরিফ ওসমান বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মির্জা ফখরুল জানান, এই মৃত্যুকে পুঁজি করে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যম এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত।
সহিংসতার তালিকায় আরও রয়েছে খুলনার ভারতীয় সহকারী হাইকমিশন, ধানমন্ডির ৩২ নম্বর এবং উত্তরার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এসব ঘটনাকে ‘ঘৃণ্য ও ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব।
ফখরুল অভিযোগ করেন, একটি চিহ্নিত গোষ্ঠী পুনরায় ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে অস্থিতিশীলতা তৈরি করছে। এতে জাতীয় নির্বাচন ও সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ পিচ্ছিল হতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। সরকারের নিষ্ক্রিয়তায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গণতন্ত্র রক্ষায় দেশের সব শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন