চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে নজিরবিহীন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে শতাধিক ব্যক্তির একটি দল এই তাণ্ডব চালায়।
হামলাকারীরা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং পরবর্তীতে বাসভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রায় ১৫ মিনিট ধরে চলা এই তাণ্ডবে বাসভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদ বা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে অবস্থান করছিলেন না। বাড়িতে কেবল দুইজন নারী কেয়ারটেকার ছিলেন। তারা জানান, হামলাকারীরা ককটেল ফাটিয়ে বাড়িতে প্রবেশ করলেও কোনো মালামাল লুট করেনি, বরং ধ্বংসাত্মক কার্যক্রমেই লিপ্ত ছিল।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজনৈতিক নেতার বাসভবনে হামলার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।



মন্তব্য করুন