ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে রাজধানী ঢাকার সংসদ ভবন এলাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা নির্ধারিত থাকলেও সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে হাজারো মানুষের পদযাত্রা শুরু হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এবং চীন থেকে আনা আটটি উন্নত আর্চওয়ে গেটের মাধ্যমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সংশ্লিষ্টদের মতে, হাদির এই জানাজা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গণজমায়েত হিসেবে নজির সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের উপস্থিতি প্রমাণ করে এই নেতার প্রতি সাধারণ জনগণের গভীর আবেগ ও শ্রদ্ধা।
এর আগে শনিবার সকালেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর প্রয়োজনীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে জানাজার জন্য সংসদ ভবন চত্বরে আনা হয়।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ দেশে এসে পৌঁছায়।



মন্তব্য করুন