জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানি ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

রাষ্ট্রীয় এই শোকাবহ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বশরীরে উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হাদির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন।

জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পূর্বেই জানানো হয়েছিল যে, নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীরা কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন করতে পারবেন না।

পাশাপাশি ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করে পুরো এলাকাকে কঠোর নজরদারির আওতায় আনা হয়। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এক সুবিশাল জনসমুদ্রে পরিণত হয়।

উপস্থিত জনতা ও বিশ্লেষকদের মতে, হাদির এই জানাজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বিপ্লবের স্পিরিট ধরে রাখার এক বিশাল গণজমায়েতে পরিণত হয়েছে। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় বিশেষ ব্যবস্থাপনায় দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান এই তরুণ বিপ্লবী। আজ জানাজার মাধ্যমে জাতি তাকে বিনম্র শ্রদ্ধায় শেষ বিদায় জানালো।