ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক তার ছোট ভাইয়ের হত্যার বিচার নিয়ে প্রশাসনের ভূমিকা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার ঠিক আগে দেওয়া বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

আবু বকর ছিদ্দিক প্রশ্ন তোলেন, দিবালোকে গুলি করার পর মাত্র ৫ থেকে ৭ ঘণ্টার ব্যবধানে খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করার সুযোগ পেল? বিষয়টি জাতির বিবেকের কাছে সোপর্দ করে তিনি বলেন, ঘাতকরা এভাবে পার পেয়ে যাওয়া রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক।

শহীদ হাদির বড় ভাই স্পষ্ট জানান, ছোট ভাইয়ের এই রক্তের ঋণ তিনি কখনোই ছাড়বেন না এবং বাংলার মাটিতেই এই হত্যাকাণ্ডের প্রকাশ্য বিচার দেখতে চান। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, হাদির দীর্ঘদিনের শহীদি তামান্না হয়তো আল্লাহ কবুল করেছেন, কিন্তু ঘাতকদের বিচার হওয়া জরুরি।

পরিবারের শোচনীয় অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, হাদির অবুঝ সন্তানদের চেহারার দিকে তাকানো যাচ্ছে না এবং তাদের বৃদ্ধ মা সন্তানের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট হাদি ছিলেন পরিবারের অত্যন্ত আদরের।

বক্তব্য শেষে তার ইমামতিতেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত লাখো মানুষের সামনে তিনি ভাইয়ের জন্য দোয়া এবং খুনিদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।