বিপ্লবী ছাত্রনেতা ওসমান হাদির শেষ বিদায়ে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেবল দেশের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি বিশেষ গুরুত্ব লাভ করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই অগ্রসৈনিকের জানাজাকে কেন্দ্র করে বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের নতুন রাজনৈতিক ইতিহাসের প্রতিফলন দেখেছে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর ওসমান হাদির মরদেহ দেশে ফিরলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছাত্র-জনতার যে বিশাল সমাবেশ ঘটে, তাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেশের সার্বভৌম আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা হাদির দাফন ও রাষ্ট্রীয় শোক পালনের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে তাকে ছাত্র-আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে অভিহিত করেছে। রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করা তার অসামান্য বীরত্বের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রদর্শনেরই নামান্তর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি হাদির জানাজায় জনস্রোতের খবরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ‘তার রক্ত বৃথা যাবে না’—জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষের এই স্লোগানকে শিরোনাম করে এনডিটিভি বাংলাদেশের তরুণ প্রজন্মের অদম্য চেতনার কথা তুলে ধরেছে। এছাড়া পাকিস্তানের ডন ও তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড হাদির নিরাপত্তাবেষ্টনী ও জানাজার ব্যাপকতা নিয়ে বিশেষ সংবাদ প্রচার করেছে।
১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার পর থেকে হাদির জীবনাবসান পর্যন্ত প্রতিটি ঘটনাপ্রবাহ এখন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সংস্কার ও সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক মহলে হাদির প্রতি এই শ্রদ্ধা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৈতিক অবস্থান এবং গণঅভ্যুত্থানের যৌক্তিকতাকে আরও সুসংহত করেছে।



মন্তব্য করুন