আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় শাহাদাত বরণকারী ৬ বাংলাদেশি সেনাসদস্যের জানাজা আজ অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তাদের প্রথম জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে জানাজা শেষে মরদেহগুলো হেলিকপ্টারে করে তাদের নিজ নিজ স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। সেখানে পূর্ণ সামরিক সম্মানের সাথে বীর সন্তানদের শেষ বিদায় জানাবে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে মরদহবাহী বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে বীরদের কফিন দেশে আনা হয়।

বিমানবন্দরে নিহতদের কফিন গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এসময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত ড্রোন হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় ৬ বাংলাদেশি প্রাণ হারানোর পাশাপাশি আরও ৯ জন শান্তিরক্ষী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তারা আশঙ্কামুক্ত। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর এই আত্মত্যাগ আন্তর্জাতিক মহলে শোকের মায়া তৈরি করেছে।

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী এই সৈনিকদের হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলোতে। রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমেই আজ তাদের শেষ যাত্রা নিশ্চিত করা হবে।