দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর আগামী বুধবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই গুরুত্বপূর্ণ সফরে তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার প্রিয় পোষা বিড়াল ‘জেবু’।

ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে সাত বছর বয়সী সাইবেরিয়ান ব্রিডের এই বিড়ালটিকে সঙ্গে আনার জন্য সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জেবুর জন্য প্রয়োজনীয় পাসপোর্ট এবং আন্তর্জাতিক ভ্রমণের অনুমতিপত্র ইতোমধ্যে সংগ্রহ করেছে তার পরিবার।

তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জেবুর সখ্যতা দীর্ঘদিনের। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের পোষা প্রাণীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই জেবুর প্রসঙ্গ তুলেছিলেন। তিনি জানান বিড়ালটি মূলত তার মেয়ে জাইমা রহমানের হলেও বর্তমানে এটি পরিবারের সবার অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে।

রাজনীতির বাইরেও প্রাণীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে তারেক রহমান বলেন যে সৃষ্টির প্রতিটি জীবের প্রতি যত্নশীল হওয়া মানুষের নৈতিক দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণিকুলের গুরুত্ব তুলে ধরে তিনি মানবিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

আগামী বুধবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের আগমনের দিন দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন ব্যাপক প্রস্ততি চলছে ঠিক তেমনি এই প্রিয় পোষা প্রাণীটির ঢাকা আগমন নিয়েও নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে।