নিরাপত্তাজনিত সংকটের কারণ দেখিয়ে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে হাইকমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া কিছু নিরাপত্তাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ মনে হলে পরবর্তীতে পুনরায় ভিসা সেন্টার চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তবে ঠিক কবে নাগাদ কার্যক্রম শুরু হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
ভিসা কেন্দ্রের এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েক হাজার আবেদনকারী। কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের আজ বা পরবর্তী দিনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে আইভ্যাক।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা এবং চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির পর থেকেই দুই দেশের কূটনৈতিক ও কনস্যুলার সেবা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের প্রধান ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হলো।
বর্তমানে চট্টগ্রামের এই কেন্দ্র থেকে সকল প্রকার নতুন আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আবেদনকারীদের নিয়মিত আইভ্যাক-এর ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন