ফেনী জজকোর্টের সেরেস্তাদার এনামুল হকের (৫২) মরদেহ রেললাইনের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় এই ঘটনা জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত এনামুল হক সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ফেনী জজকোর্টে কর্মরত ছিলেন। সোমবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বলে পরিবার সূত্রে জানা গেছে।

এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ৯৪/৭ নম্বর রেলওয়ে পিলার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের দাবি, এটি সাধারণ কোনো আত্মহত্যা নয় বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেছেন, এনামুল হককে হত্যা করে মরদেহে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশ সমন্বিতভাবে কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি উল্লেখ করেন।