রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানের জিরো পয়েন্ট সংলগ্ন ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে এই বাণিজ্যিক ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরের পাঁচ মিনিটের মাথায় বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঘিঞ্জি এলাকা এবং উৎসুক মানুষের ভিড়ের কারণে শুরুতে পানির সংস্থান করতে বেগ পেতে হয় ফায়ার কর্মীদের।
ভবনের উপরের তলায় দাহ্য পদার্থের গোডাউন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগুনের ফলে সৃষ্ট কালো ধোঁয়ায় জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এদিকে আগুনের আতঙ্কে মার্কেটের নিচতলার দোকানগুলো থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। পার্শ্ববর্তী ভবনগুলো থেকেও মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বিকেল পৌনে ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো কোনো হতাহতের খবর মেলেনি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।



মন্তব্য করুন