রাজধানীর ৩০০ ফুট এলাকায় আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকালীন গণসংবর্ধনা পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিশেষ অভিযানের মাধ্যমে মোট ১৪৮ টন বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে বিপুল জনসমাগমের ফলে ব্যাপক বর্জ্য তৈরি হয়। পরিবেশ সুরক্ষায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় শুক্রবার সকাল থেকেই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। ডিএনসিসির ৩৫০ জন দক্ষ পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও এই কাজে স্বেচ্ছায় অংশ নেন। মোট ২০টি ট্রাক ব্যবহার করে ১৪৮টি ট্রিপের মাধ্যমে এসব বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে স্থানান্তর করা হয়।

ডিএনসিসি কর্তৃপক্ষ দাবি করেছে, শুক্রবার দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল সম্পূর্ণ পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এই উদ্যোগে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মী ও রাজনৈতিক কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, যে কোনো বড় আয়োজনের পর নাগরিক ও রাজনৈতিক কর্মীরা শহর পরিচ্ছন্নতায় এগিয়ে এলে ঢাকা আরও বাসযোগ্য হয়ে উঠবে।