ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিকে সীমান্ত পার হতে সহায়তাকারী দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ড শেষে সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। গত ১৮ ডিসেম্বর থেকে কয়েক দফায় মোট আট দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের স্বার্থে তাদের আটক রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় করা হত্যা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়সালের বাবা, মা ও স্ত্রীসহ পাঁচজন ইতোমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে আদালত থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।



মন্তব্য করুন