লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে নাশকতার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মাত্র ১০ হাজার টাকার চুক্তিতে অগ্নিসংযোগের অভিযোগে মো. রুবেল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামালের এপিএস শিশুল চক্রবর্তীর নির্দেশে তিনি এই নাশকতা চালান। হামলার আগে তাকে অগ্রিম ২ হাজার টাকা দেওয়া হয় এবং কাজ শেষে বাকি ৮ হাজার টাকা পরিশোধ করা হয়।

তদন্তে জানা গেছে, রুবেলের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ হাকিম রাজনৈতিক কারণে বিদ্যুৎ অফিসের চাকরি হারান। এই বেকারত্বের সুযোগ নিয়ে তাকে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে নাশকতায় ব্যবহার করা হয়। ১২ ডিসেম্বর দিবাগত রাতে মুখোশ পরে জেলা নির্বাচন অফিসে আগুন দেন রুবেল।

অফিসের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দীর্ঘ অনুসন্ধানের পর গোয়েন্দা পুলিশ রুবেলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে হাজির করা হলে তিনি অগ্নিকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শিশুল চক্রবর্তীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।