শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট সুলতান নাসির।
সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে শরীয়তপুরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়ে। অ্যাডভোকেট সুলতান নাসির নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামের কৃতি সন্তান। তিনি শরীয়তপুর জজ কোর্টের এপিপি, শরীয়তপুর জেলা জাসাসের আহ্বায়ক এবং শরীয়তপুর-২ আসনে নির্বাচনী সময়ে এমপি কিরনের নড়িয়া উপজেলার আইনগত সহায়তা টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সাক্ষাৎকালে স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট, এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং তরুণ সমাজের ইতিবাচক অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এসময় এমপি মোঃ সফিকুর রহমান কিরন বলেন, শরীয়তপুর-২ আসনের সামগ্রিক উন্নয়নে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে অ্যাডভোকেট সুলতান নাসির এলাকার চলমান সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের মতবিনিময় স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন