মধ্যপ্রাচ্যের দীর্ঘ আট মাসের অস্থিরতা ও সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ইতিবাচক কূটনৈতিক তৎপরতার খবর চাউর হতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। একদিনেই তেলের দাম কমেছে প্রায় ছয় শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা জানান, আলোচনার সম্ভাবনার কথা শোনার পর থেকেই আন্তর্জাতিক বাজারে বিক্রির চাপ বেড়ে যায়। দিনের শুরুতে অপরিশোধিত তেলের দাম প্রায় চার শতাংশ কমলেও লেনদেন যত গড়িয়েছে, দরপতন তত তরান্বিত হয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৈশ্বিক তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৬ দশমিক ১ শতাংশ কমে বর্তমানে প্রতি ব্যারেল ১০৬ ডলার ৫৪ সেন্টে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৬ দশমিক ৩ শতাংশ। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯৭ ডলার ৫৬ সেন্টে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমিত হওয়ার এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের লক্ষণ দেখেই বিনিয়োগকারীরা তেলের বাজার নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানির আন্তর্জাতিক মূল্যে।