রাজধানীর ব্যস্ততম আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পথচারী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলযোগে আসা দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে এসে দ্রুত গতিতে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় সাময়িক বিশৃঙ্খলা ও ভীতি তৈরি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বিষযটি গুরুত্বের সঙ্গে খোঁজখবর নিয়ে খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে জনবহুল ও সংবেদনশীল মেট্রোরেল স্টেশন এলাকায় এমন বিস্ফোরণের পর আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।