গাজীপুরের নাওজোর এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে উভয়মুখী যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এর আগে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

এদিকে মজুরি বোর্ড গঠন এবং গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারপক্ষের আলোচনার পর কয়েকটি কারখানার শ্রমিক কাজে ফিরেছেন।

শ্রমিক আন্দোলন ঘিরে সম্ভাব্য সহিংসতা এড়াতে গাজীপুর, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের প্রায় দুই শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, সহিংসতার ঘটনায় গাজীপুরে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট চার হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৪৫ জন।