রাজধানীতে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজারবাগ পুলিশ লাইনস ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে পৃথক সময়ে এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রথম বিস্ফোরণটি ঘটে রাত ৯টা ৩০ মিনিটের দিকে সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ এবং ঘটনার তদন্তও চলছে।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমহার বরুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরাই ওই বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্তে কাজ চলছে।