দেশের আকাশপথে ভ্রমণকারীদের বাড়তি সেবা দিতে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই কর্মসূচির আওতায় ফ্লাইটের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে বিমান ভ্রমণের ব্যবহৃত পাস দেখিয়ে নির্দিষ্ট অংশীদার ব্র্যান্ডগুলো থেকে পণ্য ও সেবায় ছাড় পাবেন যাত্রীরা।
নতুন এই ব্যবস্থার অধীনে নভোএয়ারের যাত্রীরা লাইফস্টাইল ও ফ্যাশন হাউস, রেস্তোরাঁ, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকস শোরুম থেকে নির্ধারিত সুবিধা দাবি করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্রমণ অভিজ্ঞতাকে সহজ ও লাভজনক করতে দেশের জনপ্রিয় বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে এ বিষয়ে সমঝোতা করা হয়েছে।
এই উদ্যোগ প্রসঙ্গে নভোএয়ারের বিপণন ও বিক্রয় পরিচালক সোহেল মজিদ জানান, নিরাপদ ফ্লাইটের পাশাপাশি ভ্রমণ সম্পন্ন হওয়ার পরও গ্রাহকদের অতিরিক্ত সুবিধা পৌঁছে দিতেই এই ব্যবস্থার সূচনা। আন্তর্জাতিক মান বজায় রেখে ভবিষ্যতে যাত্রীসেবায় এমন আরও আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করার কথা জানান তিনি।
এর আগে দেশের এভিয়েশন খাতে প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সেবা চালু করেছিল বাণিজ্যিক বিমান সংস্থাটি। প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা চালিয়ে আসছে।
যাত্রীদের সুবিধার্থে অংশীদারদের তালিকা ও ছাড়ের অনুপাত সম্পর্কিত হালনাগাদ তথ্য নিজেদের যোগাযোগ মাধ্যমে উপলব্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।




মন্তব্য করুন