রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি সংগঠিত গ্রুপ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে মিন্টুরোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গত কয়েকদিনের ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে; তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গ সংগঠনের সদস্য রয়েছে বলে জানান আকতার হোসেন।
তিনি বলেন, ঘটনাগুলো নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্টের সঙ্গে সমন্বয় করে পুলিশ মোতায়েন ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জননিরাপত্তা ও মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ানোর বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। ডিএমপির পক্ষ থেকে মোবাইল পার্টি ও পিকেট ডিউটি অব্যাহত রয়েছে; গোয়েন্দা নজরদারিও চলছে।
ককটেল তৈরির উপাদান কোথায় এবং কারা প্রস্তুত করছে—এমন প্রশ্নে তিনি বলেন, এর আগেও ডিবি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার ও বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে। গাড়িতে আগুনের ঘটনায় জ্বালানি সংগ্রহ ও পেট্রোল পাম্প নিয়ে সতর্কতা প্রসঙ্গে তিনি জানান, নাশকতার উদ্দেশ্যে কোথাও দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কিনা তা মনিটরিং করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করছে ডিএমপি।



মন্তব্য করুন