দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে শরীয়তপুরে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সন্ধ্যায় সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এতে প্রায় শতাধিক মোটরসাইকেলে কয়েক শ নেতাকর্মী অংশ নেন। শোডাউনটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেমতলা এলাকা ঘুরে কোট চত্বরের ট্রাফিক বক্সের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান তাঁরা।

শোডাউনে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা তাঁরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন। জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবেন।

কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।