দেশের বিভিন্ন অঞ্চলে অনুমতি ছাড়া যত্রতত্র প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন গড়ে ওঠা নিয়ন্ত্রণে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেছেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত আইন ও সরকারি নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

সংসদে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে নানা ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে বর্তমানে ১৯৬২ সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধনসংক্রান্ত অধ্যাদেশের পাশাপাশি ২০২৫ সালে প্রণীত বিশেষ নীতিমালা অনুসরণ করা হচ্ছে।

অনুমোদন প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে মন্ত্রী জানান, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারী প্রতিষ্ঠানকে প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিস থেকে এক বছরের জন্য অস্থায়ী অনুমতি দেওয়া হবে। এই সময়সীমায় প্রতিষ্ঠানের পরিচালন মান যাচাই করার পর বিভাগীয় উপপরিচালক পরবর্তী ৫ বছরের অনুমতির বিষয়টি বিবেচনা করবেন। চূড়ান্তভাবে সব শর্ত পূরণ হলেই কেবল প্রতিষ্ঠানের স্থায়ী অনুমোদনের বিষয়টি বিবেচনায় আসবে।

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান ও বিদ্যমান সমস্যা নিয়ে মতামত ও অভিযোগ তুলে ধরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির পদক্ষেপ হিসেবে মন্ত্রী জানান, ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিইপি-৫)’ গ্রহণ করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বিশেষ কর্মসূচির পাশাপাশি শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।