আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ওরফে খলিল মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর চাটাং এলাকার ফকির বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সমাজসেবক সোলাইমান মাদবরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন আংগারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন মাদবর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আংগারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ওরফে খলিল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং আগামী দিনে ইউনিয়ন পরিষদের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত স্থানীয়দের অনেকে খলিল মোল্লার প্রতি তাঁদের সমর্থন জানান।

প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান ওরফে খলিল মোল্লা বলেন, ‘আংগারিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করাই আমার দীর্ঘদিনের প্রত্যাশা। এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।’

বিশেষ অতিথি আতিক মোল্লা বলেন, এলাকার উন্নয়ন ও জনসাধারণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সোলাইমান মাদবর বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক নেতৃত্ব প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে যিনি কাজ করবেন, তাঁকেই সমর্থন দেওয়া উচিত। এ লক্ষ্য সামনে রেখে তাঁরা খলিল মোল্লার পক্ষে কাজ করতে আগ্রহী।

এ সময় আরও বক্তব্য দেন মজিদ মাদবর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু আলেম ঘটক, নাসির উদ্দিন খান, আবদুল মান্নান চৌকিদার, খলিলুর রহমান সরদার, মজিবুর রহমান বেপারী, কালাম সরদার, খলিল ফকির, আলী চৌকিদার, গফুর বেপারী, রুবেল সরদার, দীন ইসলাম, কবির ওঝা, নুরুল ইসলাম চৌকিদার, জাহাঙ্গীর ফকির, আমিনুল হক ফকির ও রকিব মাদবরসহ স্থানীয় নেতারা।

উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।