আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ম অমান্য করে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায় করতে পারবে। এছাড়া সেশন চার্জসহ ভর্তি ফি’র সর্বোচ্চ সীমাও নির্দিষ্ট করে দিয়েছে মন্ত্রণালয়। মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে। অন্যদিকে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন ফি’র নামে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া গেলেও কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। পাশাপাশি দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফ করার নির্দেশ দেওয়া হয়েছে।