অসদাচরণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অপর এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই শাস্তিমূলক আদেশ জারি করা হয়।

বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম।

এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান এবং সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামানকেও চাকরিচ্যুত করা হয়েছে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শীর্ষ পর্যায়ের এসব কর্মকর্তার বিরুদ্ধে একযোগে এই কঠোর পদক্ষেপ নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।