শরীয়তপুরে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় সিয়াম পেদা (২১) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার পুরো অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত সিয়াম পেদা ডামুড্যা উপজেলার ছোট শিধলকুড়া এলাকার খোদাবক্স পেদার ছেলে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের মে মাসে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে সিয়াম ও তাঁর সহযোগীরা অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ আনা হয়।

ঘটনার পর ছাত্রীর বাবা ডামুড্যা থানায় লিখিত অভিযোগ করেন। এর পরদিন রাতে শিধলকুড়া এলাকার একটি কাঠের সেতুর ওপর হাত-পা বাঁধা অবস্থায় মেয়েকে পাওয়া যায়। পরে তাঁর বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে শনাক্ত করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করে।

প্রথমে তাঁকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তী সময়ে ভুক্তভোগী নিজে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় সিয়ামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

রায়ে ৯(১) ধারায় ১ লাখ টাকা এবং ৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ধারায় মোট জরিমানার পরিমাণ ১ লাখ ৫০ হাজার টাকা। এই অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামরুল হাসান জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

তিনি বলেন, ‘একটি কল্যাণকামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা আর আদালত এই বিষয়টাকে মূল্যায়ন করে বাদী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’