তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দেশের অবস্থান ও বিশ্বনেতাদের প্রতি করণীয় বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় সকালে সম্মেলনস্থলে পৌঁছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন আন্তর্জাতিক নেতারা। নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে সফরের প্রথম দিন বুধবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার পৃথক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার ও কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



মন্তব্য করুন