বরিশাল: ধর্ম আলাদা হলেও শৈশবের বন্ধুত্বের টানে শেষ বিদায় জানাতে ছুটে এসেছিলেন সনাতন ধর্মের সুরেশ। মৃত মুসলিম বন্ধুর জানাজার পাশে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে নীরবে দাঁড়িয়ে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বীর মুক্তিযোদ্ধা।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের। বার্ধক্যজনিত কারণে ৭০ বছর বয়সি কৃষক হাকিম ডাকুয়ার মৃত্যুর খবর পেয়ে সেখানে উপস্থিত হন তাঁরই সমবয়সি দীর্ঘদিনের বাল্যবন্ধু ও বীর মুক্তিযোদ্ধা সুরেশ। জানাজা নিচে অনুষ্ঠিত হলেও ধর্মীয় সীমার প্রতি সম্মান জানিয়ে তিনি ব্রিজের ওপর এক পাশে দাঁড়িয়ে পড়েন এবং অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য দেখতে থাকেন।
স্থানীয়দের মতে, শৈশব থেকে গড়ে ওঠা অটুট বন্ধুত্বের এই দৃশ্য এবং সুরেশের নীরব উপস্থিতিতে ফুটে ওঠা হারানোর বেদনা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যে ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে, এই ঘটনাই তার প্রমাণ বলে মন্তব্য করেন স্থানীয়রা।
বন্ধুত্বের অনুভূতির কথা ব্যক্ত করে সুরেশ বলেন, বন্ধুত্বের টানেই তিনি সেখানে এসেছিলেন। ছোটবেলা থেকেই একসঙ্গে চলাফেরা করা হাকিম ডাকুয়াকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে উল্লেখ করে তিনি জানান, বয়সে জুনিয়র হলেও তাঁরা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন।
হাকিম ডাকুয়ার প্রয়াণে দুই বন্ধুর দীর্ঘদিনের স্মৃতির ইতি ঘটলেও তাঁদের এই মানবিক বন্ধন স্থানীয় মানুষের মনে গেঁথে রয়েছে।



মন্তব্য করুন