আগামী সাত দিনের মধ্যে ভোটাধিকার নিশ্চিত করার চূড়ান্ত সমাধান না মিললে আসন্ন বার কাউন্সিল নির্বাচন বয়কট ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের আইনজীবীরা। দীর্ঘ ২৪ বছর ধরে তথাকথিত ‘অ্যাসোসিয়েট সদস্য’ নাম দিয়ে ভোটাধিকার হরণ এবং বৈষম্যমূলক বিধান জারির প্রতিবাদে বুধবার দুপুরে রংপুর আইনজীবী ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। ‘ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবী’ ব্যানারে আয়োজিত কর্মসূচির চতুর্থ দিনে নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
আন্দোলনকারীদের অভিযোগ অনুযায়ী, রংপুর আইনজীবী সমিতি সদস্যদের সাধারণ ও অ্যাসোসিয়েট—এই দুই শ্রেণিতে বিভক্ত করে বৈষম্যমূলক আচরণ করছে। বক্তারা বলেন, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক ও জন্মগত অধিকার হলেও ফ্যাসিবাদী আমলে প্রণীত একটি আইনের কারণে তরুণ অ্যাসোসিয়েট সদস্যরা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সবাইকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তাঁরা জানান, বেঁধে দেওয়া এক সপ্তাহের মধ্যে সমাধান না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নারী ও শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামাল উল্লেখ করেন, ২৪ বছর ধরে আইনজীবীদের ভোট দিতে না পারা চরম বৈষম্যের দৃষ্টান্ত। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল আইনজীবীদের ক্ষেত্রে এখনো কার্যকর হয়নি বলে তিনি মন্তব্য করেন। হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখা বা কাজ আদায় সম্ভব নয় উল্লেখ করে তিনি সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে সবার ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি সমিতিতে সুষ্ঠু সমাধান ও নেতৃত্বের পরিবর্তন প্রত্যাশা করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে চলা এই বৈষম্য আর কত দিন সহ্য করতে হবে তা তাঁদের জানা নেই। দ্রুত ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা না হলে আগামীতে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
প্রতিবাদী এই অবস্থানে আরও অংশ নেন গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট একরামুল হক, নারী ও শিশু আদালত-২-এর পিপি অ্যাডভোকেট মোকসেদুল ইসলাম এবং নারী ও শিশু আদালত-৩-এর পিপি অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু। এ ছাড়া সিনিয়র অ্যাডভোকেট বায়েজীদ ওসমানী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট জোবাইদু ইসলাম বুলেট ও অ্যাডভোকেট ফজলুল হকসহ বহু নবীন ও জ্যেষ্ঠ আইনজীবী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন