চাঁপাইনবাবগঞ্জ: জন্ম থেকে দৃষ্টিশক্তি না থাকলেও দীর্ঘ ৫০ বছর ধরে কঠোর পরিশ্রম করে বৃদ্ধা মায়ের মুখে অন্ন তুলে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের মুখলেসুর রহমান (৫৬)। প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে তাঁর এই অদম্য জীবনযুদ্ধ এখন স্থানীয়দের মাঝে দারুণ অনুপ্রেরণা জুগিয়েছে।
ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা মুখলেস মাত্র ছয় বছর বয়স থেকেই কাজের সঙ্গে যুক্ত হন। প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে কাঠকাটা ও কলাতলা এলাকার একটি মিলে পৌঁছান তিনি। চোখে না দেখলেও দীর্ঘদিনের অভ্যাস ও স্মৃতিশক্তির ওপর ভর করে প্রতিদিন একই পরিচিত পথে যাতায়াত করেন তিনি।
মিলের কাজ সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানান, মুখলেস ইট দিয়ে কাঠ বা গাছের ছাল পিটিয়ে আলাদা করেন এবং তা বস্তায় ভরে মাথায় করে বাড়ি ফেরেন। এরপর তাঁর ৭০ বছর বয়সি মা রুলি বেগম সেই ছাল রোদে শুকিয়ে বাজারে বিক্রি করেন। মা ও ছেলের এই যৌথ প্রচেষ্টায় কোনোমতে তাঁদের সংসার চলে। স্থানীয় বাসিন্দা শরিফুল ও আশরাফ আলী জানান, দৃষ্টিহীন হয়েও কাউরে কাছে হাত না পেতে মুখলেস যেভাবে প্রতিদিন একা চলাচল করেন এবং কাজ করে যান, তা সত্যিই অভাবনীয়।
পরিবার সূত্রে জানা যায়, মুখলেসের বাবা মৃত মুরশেদ আলী। চার ভাইবোনের মধ্যে দুই ভাই জন্ম থেকেই প্রতিবন্ধী; বড় ভাই জেম মারা গেছেন এবং ছোট ভাই সোহেল রানা আলাদা বসবাস করেন। ফলে বৃদ্ধা মায়ের দেখভাল ও সংসারের পুরো দায়িত্ব এখন মুখলেসের কাঁধে।
মা রুলি বেগম জানান, ছোটবেলা থেকেই ছেলে মিলে কাঠের ছাল ছাড়ানোর কাজ করে আসছে এবং সে কখনো কারো কাছে হাত পাতে না। বয়সের ভারে নিজে নুয়ে পড়লেও ছেলের সঙ্গে মিলে যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছেন তিনি।
এদিকে, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন জানিয়েছেন, মুখলেসের মতো অসহায় ব্যক্তির জন্য সরকারি সুযোগ-সুবিধার আওতায় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।



মন্তব্য করুন