ঢাকা: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, বেসামরিক প্রশাসন ও পুলিশকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ওই বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি, বরং পুরোনো বৈদ্যুতিক সংযোগের দুর্বলতা থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে এটি অনুমাননির্ভর উল্লেখ করে তিনি বলেন, ‘তদন্তসাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে। তবে এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, সেটা অধিকতর তদন্তের মাধ্যমে যদি প্রকাশ পায়, আমরা সেভাবে ব্যবস্থা নেবো।’

ঘটনার বিবরণ দিয়ে মন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত ওই ঘরটি থেকে প্রায় ২০ মিটার দূরের একটি তিনতলা ভবনে সংসদ সদস্যের বাবা-মা বসবাস করেন। আগুন লাগা ঘরটিতে কেউ থাকতেন না; সেখানে থাকা জুতা তৈরির উপকরণ ও কাপড়চোপড় পুড়ে যাওয়ার পাশাপাশি দুটি ছাগলের মৃত্যু হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সকালে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দলও সেখানে যায়।

বিজিবির প্রাথমিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, ঘটনাস্থলের ছবি, অডিও-ভিডিও ও আলামত পর্যালোচনা এবং স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীও পেট্রোল বোমা নিক্ষেপের তথ্য দেননি।

এ ঘটনায় ১২ নভেম্বর ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে এবং এর ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আপাতত আর বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।